কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর উত্তরপাড়ায় বাল্যবিবাহের আয়োজন ভেস্তে গেছে প্রশাসনের হস্তক্ষেপে। শুক্রবার দুপুরে চলমান বিয়ের আনুষ্ঠানিকতার মাঝেই বর ও কনে হঠাৎ স্থান ত্যাগ করেন, ফলে অতিথিরাও আসর ছেড়ে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সেকান্দর মহাজনের বাড়িতে অপ্রাপ্তবয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। বরের পক্ষ কনের বাড়িতে এসে খাবার ও আনুষ্ঠানিকতা শুরু করলেও, গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে দ্রুত সরে যান।
পরে কনের পরিবারের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন এসি (ভূমি)। পরিবার বিয়েটি বাতিলের প্রতিশ্রুতি দেয়। তারেক রহমান জানান, এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত তদারকি চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন