বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনী প্রস্তুতির বড় একটি ধাপ সম্পন্ন হবে। তিনি মনে করেন, তারেক রহমানের আগমন হবে একটি ঐতিহাসিক মুহূর্ত, যা নির্বাচনী প্রচারণার গতিপথ বদলে দেবে।
রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, সম্ভবত রমজানের আগেই, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি অভিযোগ করেন, কিছু মহল বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে তার মতে, দেশজুড়ে ইতিমধ্যে নির্বাচনী আবহ তৈরি হয়েছে।
আলোচনায় তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি সংসদীয় সরকার প্রতিষ্ঠা জরুরি। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, জুলাই ঘোষণাপত্রে দলগুলো স্বাক্ষর করবে এবং তা নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হবে।



মন্তব্য করুন