সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচয় ব্যবহার করে বড় ধরনের অর্থ আত্মসাৎ করার অভিযোগে মোতাল্লেছ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে মানিলন্ডারিংয়ের জন্য দায়ী করেছেন।
সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, মোতাল্লেছ হোসেন নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার, গার্মেন্টস মালিক বা চা-বাগানের উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে থাকা ব্যাংক হিসাব থেকে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এম এল ট্রেডিং নামে তার প্রতিষ্ঠানেরও অস্তিত্ব যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ রয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি বিএনপির সংশ্লিষ্টদের কাছ থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেন এবং ব্যক্তিগত ব্যবহার করেছেন। বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবের ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। মামলায় মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করা হয়েছে। সিআইডি জানিয়েছে, অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলমান।



মন্তব্য করুন