আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রপ্তানি হবে নির্দিষ্ট শর্ত মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে।
আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে হার্ড কপিতে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
মন্ত্রণালয় জানিয়েছে, যারা পূর্বে আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে। প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার সময়ে এই রপ্তানি কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য করুন