টাঙ্গাইল শহরের সোনার বাংলা বাসভবনে আয়োজিত এক জরুরি সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “যেদিন আমরা রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না।” তিনি সতর্ক করে বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনাকে এক করে দেখার চেষ্টা বিপজ্জনক হতে পারে।

৮ সেপ্টেম্বর বিকেলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের এই সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশ যতদিন থাকবে, জয় বাংলা ও বঙ্গবন্ধুও ততদিন থাকবে।” তিনি বর্তমান সময়কে অত্যন্ত সংকটপূর্ণ উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের যে আশা নিয়ে লড়াই হয়েছিল, তা আজ ভেঙে পড়ছে। নিজের বাড়ির ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এটি স্বাধীনতার ওপর আঘাত, তাই আমি চুপ থাকতে পারি না।”

মুক্তিযোদ্ধাদের সভায় ১৪৪ ধারা জারির ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “এটিও একটি রেকর্ড হয়ে রইল।” তিনি আরও বলেন, “আমি যা খুশি তা করব না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই।” নিয়ন্ত্রিত শক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “ন্যায়ের পক্ষে সবসময় আল্লাহ থাকেন।” পাকিস্তানিদের শক্তি বেশি থাকলেও মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছিল বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, বীরপ্রতীক ফজলুল হক, রাহাত হাসান টিপু এবং সানোয়ার হোসেন সজীব।