সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামে পারিবারিক বিরোধের জেরে ৬৫ বছর বয়সী ফাতেমা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে মেয়ের পরিবারসহ চারজনের হাতে মারধরের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ফাতেমা বেগম মৃত আব্দুল জব্বারের স্ত্রী। ঘটনার সময় তার মেয়ে খালেদা, জামাই আফজাল, নাতনি সাজেদা ও সুমাইয়া বাড়িতে এসে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে মারধর করেন বলে স্থানীয়রা জানান। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

ঘটনার পরদিন সোমবার নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। পুরো গ্রামে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।