ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই উপলক্ষে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে শুরু হওয়া নিয়ন্ত্রণ চলবে টানা ৩৪ ঘণ্টা, যা শেষ হবে বুধবার সকাল ৬টায়।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো ঘুরে দেখা গেছে, শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী ও ফুলার রোডসহ প্রতিটি গেটে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, পরিচয়পত্র যাচাই করে কেবল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা অনুমোদিত ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও আত্মীয়ের আইডি কার্ডের ফটোকপি দেখাতে হচ্ছে।
শিক্ষার্থীরা সকাল থেকেই পরিচয়পত্র হাতে নিয়ে গেটে লাইনে দাঁড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন। সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি। শুধুমাত্র স্টিকারযুক্ত বা জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলোই প্রবেশ করতে পারছে। এক পুলিশ সদস্য জানিয়েছেন, “নির্বাচন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
ভোটগ্রহণ কেন্দ্রিক কার্যক্রমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকলেও ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। প্রচারণা শেষ হওয়ায় পোস্টার ও ব্যানার থাকলেও এখন মূল মনোযোগ ভোটকেন্দ্রেই।



মন্তব্য করুন