ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। মঙ্গলবার দুপুরে কার্জন হল এলাকায় লাইভ সম্প্রচারের সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল থেকেই তিনি নির্বাচনের সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। টিএসসি থেকে কার্জন হলে সরাসরি সম্প্রচারের পর অফিসে ফেরার প্রস্তুতিকালে অসুস্থ হয়ে পড়েন বলে জানান সহকর্মীরা।

শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুরে হলেও তিনি পরিবার নিয়ে টঙ্গীর বনমালা রোডে থাকতেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকস্মিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।