স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ডাকসু নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বড় প্রতিবন্ধকতা দেখছেন না। দীর্ঘদিন পর ভোটের আমেজ তৈরি হয়েছে, যা জাতীয় নির্বাচনের ওপরও প্রভাব ফেলতে পারে।
তিনি জানান, ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিয়েছে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশিক্ষণ কার্যক্রমও চলছে। সাম্প্রতিক সময়ে মাদক আটক বেড়ে যাওয়ায় সীমান্ত ও অভ্যন্তরে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। মাদককে সমাজের বড় হুমকি উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়া, এ বছর ইলিশের প্রজনন কিছুটা কম হওয়ায় মা ইলিশ ও জাটকা রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন