ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৯টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার গভীর রাতে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৯৭৫৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪০৬৪ ভোট।
রাত পৌনে ২টা থেকে ফল ঘোষণা শুরু হয়, যা রাত সাড়ে ৩টা পর্যন্ত চলেছে। ফল প্রকাশিত হলগুলো হলো: রোকেয়া, এস এম, জহুরুল হক, জগন্নাথ, শহীদুল্লাহ, কার্জন, ফজলুল হক মুসলিম, অমর একুশে ও সুফিয়া কামাল হল।
ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থী ছিলেন ৬২ জন, যার মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন।



মন্তব্য করুন