ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
সহসভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোট অর্জন করেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম ৫,২৮৩ ভোট পেয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন।
বাকি ২০টি পদের মধ্যে ফাতেমা তাসনিম জুমা, ইকবাল হায়দার, খান জসিম, আসিফ আবদুল্লাহ, আরমান হোসাইন, উম্মে ছালমা, সাখাওয়াত জাকারিয়া, এমএম আল মিনহাজ, মাজহারুল ইসলামসহ আরও অনেকে জয়ী হয়েছেন। সদস্য পদে সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন নির্বাচিত হয়েছেন।
প্যানেলের বাইরে পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন যুবাইর বিন নেছারী (সমাজসেবা সম্পাদক), মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), সানজিদা আহমেদ তন্বী (গবেষণা ও প্রকাশনা সম্পাদক), হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া (সদস্য)।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসুতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪, যার মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ এবং ছাত্র ভোটার ২০,৯১৫।



মন্তব্য করুন