সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে উত্থাপিত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থার সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া অনুযায়ী দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। প্রতিটি ভোটকেন্দ্র গড়ে ৩৫ হাজার ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩১ আগস্ট এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সম্পূরক তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।