চট্টগ্রামের এক শোক সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের এত ভোট কীভাবে এলো তা তার হিসাবে মেলে না। তার মতে, এটি কোনো কারচুপি নয়, বরং দেশের রাজনীতিতে একটি “গভীর ষড়যন্ত্রের আভাস”।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের দি কিং অব চিটাগাংয়ে আয়োজিত এক শোক সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণে। মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, জামায়াত নেতারা বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে থাকার কথা বললেও গোপনে তারা তাদের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট বাগিয়ে নিয়েছে।
মির্জা আব্বাস আরও বলেন, ডাকসু নির্বাচন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। এটিকে তিনি ২০০৮ সালের নির্বাচনের মতোই ‘ইঞ্জিনিয়ারিং’ নির্বাচন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ২০০৮ সালের সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশ নিতে না চাইলেও মুজাহিদ ও ব্যারিস্টার শিপনের চাপে তাতে অংশ নেন। এর ফল হিসেবে জামায়াতের চার-পাঁচজন নেতার ফাঁসি হয় এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে হারাতে হয়।



মন্তব্য করুন