নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) এই হামলার শিকার হন প্রথম শ্রেণির ঠিকাদার সারোয়ার জাহান। ভুক্তভোগী ঠিকাদার মদন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

এলজিইডি অফিস ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সারোয়ার জাহান নির্বাহী প্রকৌশলীর কক্ষে কথা বলার সময় সুমন নামে এক যুবক তাকে বাইরে ডেকে নিয়ে যান। বাইরে বের হওয়ার পরই জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী তাকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। দোতলা থেকে মারতে মারতে তাকে নিচতলায় নামিয়ে আনা হয়। পরে অফিসের কর্মীরা তাকে উদ্ধার করে একটি কক্ষে নিয়ে যান এবং পুলিশ খবর দেওয়া হয়। নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ঠিকাদার সারোয়ার জাহান জানিয়েছেন, অফিসের অভ্যন্তরে এমন হামলার শিকার হয়ে তিনি হতবাক। তিনি এই সন্ত্রাসী কার্যকলাপের বিচার চেয়েছেন, তবে তাকে কেন মারা হয়েছে, তার কোনো কারণ তিনি জানেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী জানান, ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হচ্ছিল। তিনি কেবল পরিস্থিতি সামলাতে গিয়েছিলেন এবং তাকে অহেতুক এই ঘটনায় জড়ানো হচ্ছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ নিশ্চিত করেন যে, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।