জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মির মশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আশঙ্কার কথা জানান।

আদিব অভিযোগ করেন, শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে মোট ভোটার ২৯৩ জন হলেও সেখানে পাঠানো হয়েছে ৪০০টি ব্যালট, যা ১০৭টি অতিরিক্ত। তিনি এই পরিস্থিতিকে ‘অ্যালার্মিং’ বলে উল্লেখ করেন এবং জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তাঁরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাননি। একই সঙ্গে তিনি ছাত্রদলের প্রাক্তন ও বর্তমান ভোটার নন এমন অনেক নেতাকর্মীর হলে অবস্থান করার অভিযোগও তোলেন। প্রশাসন বহিরাগতদের গ্রেফতারের কথা বললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি দাবি করেন।

একই উদ্বেগ প্রকাশ করে জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ছোট ছোট ত্রুটিগুলো এখন বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। তিনি আরও বলেন, বিভিন্ন কেন্দ্রে ভোটারের চেয়ে অতিরিক্ত ব্যালট দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা বা ব্যাখ্যা নেই। পোলিং এজেন্টদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের এবং অতিরিক্ত ব্যালট দিয়ে কারচুপির আশঙ্কা উসকে দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।