দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনার প্রস্তুতি চলছে।

নির্বাচনের মধ্যেই ছাত্রদল সমর্থিত প্যানেল কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয়। বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন।

অন্যদিকে, সার্বিক পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫৪৮ জন প্রার্থী। এর মধ্যে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটের জন্য ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়, যেখানে দায়িত্ব পালন করেছেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী।