অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের বিকল্প নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। নির্বাচন ও বিচারপ্রক্রিয়ার মতো জুলাই সনদ বাস্তবায়নকেও সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন কেবল সাধারণ ভোট নয়, এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের একটি ভিত্তি। তাই মৌলিক সংস্কার দ্রুত শেষ করা অত্যাবশ্যক, সময়সীমা পার হওয়ার সুযোগ নেই।”

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই এই প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে অংশ নেন।