চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার তিন বছর বয়সী মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩) নিহত হন।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহতদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গেছে, নিহত গোলাম সরোয়ার তার পরিবারসহ কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর বোরহান উদ্দিন বলেন, “দ্রুতগামী একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।”
তিনি আরও জানান, নিহতের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে তারা মোটামুটি সুস্থ আছেন।



মন্তব্য করুন