জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো চারটি হলের ভোট গণনা শেষ হয়নি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২১ কেন্দ্রের মধ্যে ১৭টির ফলাফল গুনে শেষ করেছে নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানান, দুটি টেবিলে একযোগে ভোট গণনা চলছে। বাকি চার কেন্দ্রের ফলাফল শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এবং সন্ধ্যার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়, যা ম্যানুয়ালি সম্পন্ন করে এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ওইদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন—এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

ভোটগ্রহণ চলাকালে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে ছাত্রদল-সমর্থিত প্যানেল ভোট শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করে। পরে আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষে একই ঘোষণা দেয়।