জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট গণনা দ্রুত শেষ করে শুক্রবারের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রশাসনকে চূড়ান্ত সময়সীমা দিয়েছে শিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।

শুক্রবার বিকেলে ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের বিলম্ব বা বাধা তারা মেনে নেবেন না।

তিনি বলেন, “নির্বাচন বানচালের কোনো উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। কেউ যদি এমন চেষ্টা করে, তাকে ক্যাম্পাসেই প্রতিহত করা হবে।”

মাজহারুল আরও যোগ করেন, “ষড়যন্ত্র, দলীয় স্বার্থ বা ভয়ভীতি দেখিয়ে যেন ভোটের প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের অব্যবস্থাপনার চেয়ে বিভিন্ন সংগঠনের ‘ভুল তথ্য প্রচার’ বেশি আলোচিত হয়েছে। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, “আজকের মধ্যে ফল না দিলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।”