দীর্ঘ অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ফের শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে ভোট গণনার কাজ শুরু করে নির্বাচন কমিশন। এর আগে, বিকাল ৫টার দিকে হঠাৎ করে ভোট গণনা স্থগিত করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যরা জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা গণনা আবার শুরুর নির্দেশ দেন।
ভোট গণনা দ্রুত শেষ করার জন্য টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছিল। নির্বাচন কমিশনের প্রত্যাশা, শুক্রবার রাত ১১টার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।



মন্তব্য করুন