গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি গেঞ্জি তৈরির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের অন্তত ১৭টি গেঞ্জি তৈরির দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয়রা জানায়, নগরের চান্দনা এলাকায় রফিক কাউন্সিলরের টিনশেডে তৈরি একটি মার্কেটে ভোরে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।