দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিশেষ করে নারী ও বয়স্ক বন্দিদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে, তবে নির্দিষ্ট সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।”
এই সিদ্ধান্তের পেছনে মানবিক বিবেচনা এবং কারাগারের চাপ কমানোর প্রয়াস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সাজার মেয়াদ কমানোর প্রক্রিয়া ও শর্তাবলি নিয়ে বিস্তারিত নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি তিনি বলেন, “আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের বিরোধে অবরোধের প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিকেলের মধ্যে অবরোধ না উঠলে বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হবে।”



মন্তব্য করুন