সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রোববার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে নিবন্ধিত প্রায় প্রতিটি দলই ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব কমে, ভোট ডাকাতি ও সহিংসতা রোধ হয় এবং রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় শান্তিপূর্ণ প্রতিযোগিতা গড়ে ওঠে।”
ফয়জুল করীম আরও দাবি করেন, “বিশ্বের ৯১টিরও বেশি দেশ কোনো না কোনোভাবে পিআর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। বাংলাদেশেও এই দাবি ক্রমশ জনপ্রিয় হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির বিরোধিতা করছে এবং তারা বৈরী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল নগর সভাপতি প্রফেসর লোকমান হাকীম। সঞ্চালনায় ছিলেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের এবং বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।



মন্তব্য করুন