জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফার সংলাপের দ্বিতীয় দিনে তিনি বলেন, “এই সমঝোতার পথেই আমাদের এগোতে হবে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “ছাত্র–জনতার অভ্যুত্থান আমাদের হাতে যেন এক ‘আলাদিনের চেরাগের দৈত্য’ তুলে দিয়েছে। এখন আমরা চাইলে শুধু এক কাপ চা নয়, গোটা দুনিয়া পাল্টে দিতে পারি।” তাঁর মতে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন হবে জাতির নবজন্মের উৎসব, যেখানে অতীতের আত্মত্যাগ সার্থকতা পাবে।
ড. ইউনূসের ভাষ্য অনুযায়ী, স্বৈরাচার প্রতিরোধে দ্বিমতের কোনো জায়গা নেই এবং ঐক্য ছাড়া সমাধান অসম্ভব। তিনি বলেন, “আমাদের ঐক্যের দরকার। কী চাই, সেটা ঠিক করতে হবে। কীভাবে হবে, সেটা দৈত্য ঠিক করে দেবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতের হামিদুর রহমান আযাদ, এনসিপির আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এবং মনির হায়দারের সঞ্চালনায় আয়োজিত এই সংলাপে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য নিয়ে আলোচনা হয়।
জুলাই সনদে অন্তর্ভুক্ত রয়েছে ৮৪টি সংস্কার প্রস্তাব, যার মধ্যে অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। সনদের বাস্তবায়নকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন না তোলার অঙ্গীকারও রয়েছে।



মন্তব্য করুন