গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন ঘোষণা দিয়েছেন, তার দল নতুন করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাবে না। বরং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের আলাদা কর্মসূচি ও দাবি থাকতে পারে এবং সেই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রাখা জরুরি। তবে ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজন যদি ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করে, তাহলে গণঅধিকার পরিষদ তাতে যুক্ত হবে না।

তিনি আরও জানান, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক এবং শাহবাগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার ভাষায়, “আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বিভাজনের সুযোগে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতে পারে, তখন কারো শেষরক্ষা হবে না।”

রাশেদ খাঁন প্রধান উপদেষ্টার সাম্প্রতিক আহ্বানকে সমর্থন জানিয়ে বলেন, “জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়াতে এখনই এক হওয়ার বিকল্প নেই।”