রাজধানীর বাসাবো খেলার মাঠে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ সভায় দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।

তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পরিবর্তন আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে না লাগালে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ব্যর্থতা নিয়ে ইতিহাস লিখবে।”

চরমোনাই পীর দাবি করেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, “জুলাই সনদে পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের আলেম-ওলামাদের নির্মম হত্যার ঘটনা অন্তর্ভুক্ত হয়নি। এই ঘাটতি পূরণ না হলে সনদটি অসম্পূর্ণ থেকে যাবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সংবিধানের আলোকে যদি আবার ফ্যাসিস্ট চরিত্রের সরকার ক্ষমতায় আসে, তাহলে সেই সংবিধানই জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তাই জুলাই সনদের আইনি স্বীকৃতি জরুরি।”

পিআর পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “এই পদ্ধতিতে এককভাবে ক্ষমতা দখলের সুযোগ থাকে না। প্রতিটি ভোটের মূল্যায়ন হয় এবং সব দলের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।”

সভায় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহমুদুর রহমান এবং যুগ্ম মহাসচিব মুহাম্মদ ইমতিয়াজ আলম।