রাজধানীর রমনা মডেল থানায় জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়েরের আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট এ আবেদন করেন।
তিনি অভিযোগ করেন, ২৯ আগস্ট রাতে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়, যার ফলে তিনি নিজেও গুরুতর আহত হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আবেদনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জনের নাম এবং আরও ১০০–১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আখতারুজ্জামান সম্রাট জানান, “আমি গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। আজ মামলা করতে এসেছি।”
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করেছেন এবং যাচাই-বাছাই শেষে তা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খানসহ কয়েকজন আহত হন।



মন্তব্য করুন