১৭ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিএনপি নেতা ইশরাক হোসেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) পদ্ধতির রাজনৈতিক অপব্যবহার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, দেশের জনগণ কখনোই রাজপথ দালালদের হাতে তুলে দেয়নি এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
পোস্টে ইশরাক দুটি আশঙ্কার কথা তুলে ধরেন। প্রথমত, যদি কোনো দলের ভোটের হার দেশের মোট ভোটারের তুলনায় অতি নগণ্য হয়, তাহলে তারা পিআর ব্যবস্থার সুযোগ নিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। এই প্রক্রিয়ায় তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজস্ব প্রতীকে ভোট কাস্ট করিয়ে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।
দ্বিতীয়ত, তিনি বলেন, দেশের ভেতরে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে, যাদের একটি অংশ ভারত থেকে পৃষ্ঠপোষণ পায়। বিগত ১৭ বছরে এমন কিছু গোষ্ঠী তৈরি হয়েছে যারা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার মতবাদে বিশ্বাসী। যদি তারা পিআর ব্যবস্থার মাধ্যমে সংসদে প্রবেশ করে এবং দেশের বিভাজনের দাবি তোলে, তাহলে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হতে পারে।
এই প্রেক্ষাপটে ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন—
“বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশবিরোধী কাজ যারা করবে, তাদের পিঠের চামড়া তুলে নেয়া হবে। দেশের জন্যে জীবন দিয়ে দেবো, তবু একাত্তর আর চব্বিশ, এই দুই প্রজাতির রাজাকারদের হাতে তুলে দেবো না।”
তিনি আরও মন্তব্য করেন, অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানে যারা পতিত হয়েছে, তারা একইভাবে দেশ বিক্রি করেছে। পাকিস্তানপন্থি ও ভারতপন্থি শক্তির মধ্যে মিলন ঘটেছে বলেও তিনি দাবি করেন।



মন্তব্য করুন