দুর্নীতি ও অস্বচ্ছতা রুখতে সরকারি সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে সরকার। এই উদ্যোগের ফলে গুটিকয়েক প্রভাবশালী সিন্ডিকেটের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, আগামী সপ্তাহেই এ সংক্রান্ত একটি আইন গেজেট আকারে প্রকাশ করা হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, এই নতুন আইন কার্যকর হলে রেল, জ্বালানিসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে চলে আসা মাফিয়া প্রতিষ্ঠানগুলোর প্রভাব প্রতিহত করা সম্ভব হবে। যোগ্যতার ভিত্তিতেই এখন থেকে কাজ বন্টন করা হবে, কোনো প্রভাবশালীর সুপারিশে নয়। অতীতে যারা ঋণখেলাপি বা কোনো অনিয়মে জড়িত ছিল, এমন কোনো প্রতিষ্ঠানকে আর দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
—
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে সরকার একটি নীরব বিপ্লব সাধন করেছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, “প্রকল্প বাস্তবায়নের অনিয়ম ও দুর্নীতি বন্ধের ফলে এখন আর কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না।”
এছাড়াও, দেশের কৃষি জমি রক্ষা ও সঠিক ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রকল্প বাস্তবায়নে আর কৃষি জমি অধিগ্রহণ করা হবে না, বরং অব্যবহৃত খাস জমি ব্যবহার করা হবে। এ লক্ষ্যে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সারা দেশের খাস জমির পরিমাণ, দখল হয়ে যাওয়া জমির তথ্য সংগ্রহ করে আগামী দুই মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেবে।
সরকারি ক্রয় সংক্রান্ত আইনটি সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হয়েছে এবং প্রভাবশালী ব্যবসায়ীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় এই আইন প্রণয়নে কোনো বাধা আসেনি বলেও জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ধীরগতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এলডিসি উত্তরণের পর সহজ শর্তে ঋণ প্রাপ্তি কঠিন হবে, তাই তার আগে ভালো প্রকল্পে যতটা সম্ভব সহজ শর্তে ঋণ নিতে সরকার আগ্রহী।



মন্তব্য করুন