সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার মোজারমিল এলাকায় এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোজারমিল এলাকায় ব্রিটিশ টোব্যাকো কারখানার নীচু জায়গা বালু দিয়ে ভরাট করাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল গ্রুপ এবং আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ধামসোনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে ভাঙচুর চালানো হয়। তবে কিছু পক্ষ গুজব ছড়ায় যে, এটি বিএনপির অফিসে ভাঙচুর করা হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া জানান, ওই এলাকায় বিএনপির কোনো অফিস নেই।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, “ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



মন্তব্য করুন