ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ — জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের রক্তের ঋণ শোধ করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
বুধবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা-১৮ আসনের নির্বাচনী গণসমাবেশে তিনি বলেন, “জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে, অসংখ্য তরুণ জীবন দিয়েছে স্বৈরতন্ত্র চিরতরে বিলোপের আশায়। তাই এমন একটি নির্বাচনী ব্যবস্থা দরকার, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।”
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।
সমাবেশে ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন চরমোনাই পীর এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।
দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য বক্তারা বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে ভোটের অনুপাতে আসন বণ্টন নিশ্চিত হবে, যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথ প্রশস্ত করবে। তারা জুলাই সনদের আইনি স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।



মন্তব্য করুন