খাগড়াছড়ি, ১৭ সেপ্টেম্বর ২০২৫ — সাজেকগামী একটি পর্যটকবাহী গাড়ি সিজুকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই এক পর্যটক নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ভ্রমণে আসা পর্যটকদের বহনকারী গাড়িটি পাহাড়ি আঁকাবাঁকা পথে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পর সেনাবাহিনীর তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।



মন্তব্য করুন