২০ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা — ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের জবাবদিহিতা ব্যর্থ হলে পুনরায় নির্বাচন আদায়ের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ আয়োজিত তৃতীয় সংলাপে তিনি বলেন, “২০১৯ সালের ডাকসু নিয়ে এখনও আলোচনা হয়। এবারও যেসব অভিযোগ উঠেছে, তার যথাযথ জবাবদিহিতা না হলে পুনরায় নির্বাচন হওয়ার সুযোগ আছে—আমরা সেটা আদায় করবো ইনশাআল্লাহ।”
আবিদ দাবি করেন, নির্বাচনের পর ছাত্রদল পূর্বের সংস্কৃতিতে ফেরত যায়নি, বরং ধৈর্য ধরেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ না করে নতুন ছাত্র রাজনীতির ধারা প্রতিষ্ঠা করেছে।
“ভোটে একটা জাল বিছানো হয়েছিল, যেখানে আমাকে ভিলেন বানানো হয়েছে।” বললেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাবি ছাত্রদল
নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এটিকে পরাজয় বলতে চাই না। বরং এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ক্যাম্পাসে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।”
ছাত্রদলের পক্ষ থেকে খুব শিগগিরই নির্বাচনের অবস্থান জানানো হবে বলেও তিনি জানান।



মন্তব্য করুন