ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। শনিবার (২০ সেপ্টেম্বর) মাত্র একদিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুকলা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ২৩, বেতাগীতে ৭, বামনায় ৫, তালতলীতে ১ এবং পাথরঘাটায় ৯ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৪ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী। তাদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯১, আমতলীতে ৩, বেতাগীতে ৮, বামনায় ১২, পাথরঘাটায় ১১ এবং তালতলীতে ১০ জন ভর্তি আছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৬৩৭ জন, তালতলীতে ১৬২, বামনায় ৩০৪, বেতাগীতে ১৪৫, আমতলীতে ৮৯ এবং পাথরঘাটায় ৫৮৭ জন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫১ জন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ৩৫, পাথরঘাটায় ১১ এবং বেতাগীতে ৫ জন।
ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন