২১ সেপ্টেম্বর, ঢাকা — উত্তরা রাজউকের ১৭ নম্বর সেক্টরের কাশবনে পড়ে থাকা এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, নিহত বিথী আক্তার বিলকিসকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার স্বামী মো. বাবুল মিয়া। পারিবারিক কলহ ও ঋণের চাপ থেকে মুক্তি পেতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে দাবি পুলিশের।
গত ১৮ সেপ্টেম্বর সকালে তুরাগ থানার অন্তর্গত কাশবন থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ছবির ভিত্তিতে ক্যন্টনমেন্ট থানায় নিখোঁজের জিডি করা মনোয়ারা বেগম লাশটি শনাক্ত করেন তার মেয়ে বিলকিস হিসেবে।
তদন্তে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় মানিকদি এলাকার ভাড়া বাসা থেকে বাবুল মিয়া ফোন করে স্ত্রীকে ইসিবি চত্বরে ডেকে নেন। সুদের টাকা ধার নিতে প্রয়োজনীয় নথি আনার কথা বলে বাসা থেকে বের হন বিলকিস, কিন্তু এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে বাবুল প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও ফোন লোকেশন বিশ্লেষণে তার অবস্থান উত্তরায় পাওয়া যায়। পরে স্বীকারোক্তিতে জানা যায়, দুই-তিন মাস আগে থেকেই হত্যার পরিকল্পনা চলছিল।
গতকাল শনিবার বাবুল ও তার সহযোগী মো. সম্রাটকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তাদের ভাষ্য অনুযায়ী, সম্রাট বিলকিসের পা চেপে ধরেন, আর বাবুল শ্বাসরোধে হত্যা করেন। ঘটনাস্থলে আরও দুজন ছিলেন, যাদের পরিচয় পুলিশ পেয়েছে তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।
ডিসি মহিদুল ইসলাম বলেন, “এই হত্যাকাণ্ড সিনেমার কাহিনিকেও হার মানায়।”



মন্তব্য করুন