২১ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা — ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০টি লোহার খাট বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিতরণ কার্যক্রমকে “প্রচারণার অংশ” হিসেবে আখ্যায়িত করে বলেন, “বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়।”

জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক বইয়ের আলোচনা সভায় রিজভী বলেন, “যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে? অথচ তিনি দোকানে জরিমানা আদায় করেছেন। সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুলমালে।” [যাচাই প্রয়োজন]

তিনি আরও বলেন, “হলগুলোতে লোহার খাট ও ডাইনিং টেবিল সরবরাহ করা হয়েছে। এটা কি ডাকসুর দায়িত্ব, নাকি রাজনৈতিক সংগঠনের প্রচারণা? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু এতিমখানার মতো দান-সহায়তা নয়।”

রিজভী অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে বিভাজনের সুর শোনা যাচ্ছে—অমুক খারাপ, আমরা ভালো। বালু মহাল, পাথর লুট, নারীঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের নাম আসছে, কিন্তু সামাজিক মাধ্যমে শুধু বিএনপিকেই টার্গেট করা হচ্ছে।” তিনি বলেন, “সরকারের এক উপদেষ্টা শুরু করলেন, এরপর একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করছে।”