ঢাকা, ৩ অক্টোবর ২০২৫: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আকস্মিকভাবে মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে খাবারের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ খিঁচুনি ওঠার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।

তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। তিনি বলেন,
“আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে, জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন,
“হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন।”

পরিবার, সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।