ঠাকুরগাঁও, ৩ অক্টোবর ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ যেই পথে গেছে, জাতীয় পার্টিও সেই পথেই অগ্রসর হচ্ছে। শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
সারজিস অভিযোগ করেন, জাতীয় পার্টি অতীতে আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। তার ভাষায়, “এখন তারা সাধু সেজে রাজনীতি করতে চাইছে, কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত।”
এ সময় তিনি আসন্ন নির্বাচনে এনসিপির প্রতীক প্রসঙ্গে বলেন, শাপলাই হবে তাদের প্রতীক। তিনি স্পষ্ট করেন, “শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে, আমরা আইনগত ও রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।”
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষে এ ব্যবস্থা প্রাসঙ্গিক হলেও বর্তমান পরিস্থিতিতে নিম্নকক্ষে তা কার্যকর নয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন