গাইবান্ধার সাদুল্যাপুরে মাত্র এক হাজার টাকা ঋণ শোধ করতে না পারায় ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। ঘটনাটি ঘটেছে গত ২৮ সেপ্টেম্বর ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিয়ারের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় সুরুজ মিয়া সরাসরি মতিয়ারের বাড়িতে গিয়ে বসতঘরের চাল থেকে ১০–১২টি টিন খুলে নিয়ে যান।

ভুক্তভোগীর স্ত্রী জমিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“এটাই আমাদের একমাত্র আশ্রয়। অনেক কাঁদলাম, অনেক অনুরোধ করলাম, কিন্তু সে কিছুই শুনল না। এখন বৃষ্টিতে আমরা ভেসে যাব।”

ঘটনার পর জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিকভাবে হস্তক্ষেপ করে টিন ফেরত দেওয়ার নির্দেশ দিলেও এখনো কোনো প্রতিকার পাননি তারা।

ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন,
“আমি নিজে মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।”

এলাকাবাসী দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনা সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।