ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ (শনিবার): প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের জনগণ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। “জনগণ ভোট দিতে প্রস্তুত, তাই নতুন কোনো ইস্যু তৈরি করে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না,” মন্তব্য করেন তিনি।
গত ১৬ বছরের নির্বাচনী প্রক্রিয়ার সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, ভোটাধিকার থেকে জনগণ বঞ্চিত হয়েছে। তার ভাষায়, “দিনের ভোট রাতে হয়েছে, ছাত্রলীগ-যুবলীগ দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকানো হয়েছে।”
তিনি আরও বলেন, এবার নির্বাচন কমিশন এবং ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। তবে প্রশাসনে বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী কর্মকর্তাদের বসানো সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা বলে তিনি উল্লেখ করেন।
জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি একদলীয় শাসন থেকে দেশকে মুক্ত করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং সাম্প্রতিক আন্দোলনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ এনে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ সব বাধা অতিক্রম করে জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে।
সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হিন্দু-মুসলমান একসঙ্গে মণ্ডপ পাহারা দিয়েছে, যা দেশের সম্প্রীতির ঐতিহ্যকে প্রমাণ করে।
ভারতে ড. ইউনূসের মুখাবয়ব দিয়ে তৈরি ‘অসুরের’ মূর্তির সমালোচনা করে তিনি একে “অপসংস্কৃতির প্রকাশ” বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদির নীতির সমালোচনা করে বলেন, “বাংলাদেশে বিভাজন তৈরি করা যাবে না। তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকব।”
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন