ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্ত্রী, শাশুড়ি ও দাদি শাশুড়ি মিলে এক যুবককে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঠান্ডু বেপারী (৩৫) সদরপুর উপজেলার ছলেনামা এলাকার বেপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে জমানো প্রায় ১১ লাখ টাকা তার কাছে ছিল। অভিযোগ অনুযায়ী, সেই অর্থ আত্মসাতের জন্যই এ হত্যাচেষ্টা চালানো হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় ঠান্ডু বেপারীকে। পরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম মিলে কাস্তে দিয়ে তার গলা কাটার চেষ্টা করে। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল।
তবে মুখে দাড়ি থাকায় গলা পুরোপুরি না কাটায় তিনি প্রাণে বেঁচে যান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা বলে মনে হচ্ছে। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



মন্তব্য করুন