শনিবার (৪ অক্টোবর) বিকেল তিনটায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি পরিমাপকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন হানিফ বেপারি (৫৫)। নিহত ব্যক্তি ধল্লা ইউনিয়নের মৃত এলা বেপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিকদের বসতভিটার জমি পরিমাপ চলাকালে হানিফের ভাগে বড় ভাই বাচ্চু বেপারির জমি থেকে মাত্র চার ইঞ্চি জায়গা আসে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বাচ্চু বেপারি (৬০), চাচাতো ভাই মিনহাজ উদ্দিনের ছেলে স্বাধীন (২৬) এবং জাহাঙ্গীর (২০) দেশীয় অস্ত্র দিয়ে হানিফের বুক ও পেটে আঘাত করেন বলে অভিযোগ উঠে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, নিহতের বড় ভাই বাচ্চু বেপারিকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমি ভাগাভাগি নিয়ে পারিবারিক টানাপোড়েন চলছিল। মাত্র চার ইঞ্চি জমি নিয়ে শুরু হওয়া এই সংঘর্ষ শেষ পর্যন্ত রক্তপাতের রূপ নেয়, যা গ্রামীণ সম্পত্তি বিরোধের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে।



মন্তব্য করুন