রোববার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। নিহতের নাম শরিয়াতউল্লাহ (২০), তিনি ইমাদ পরিবহনের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির ইমাদ পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরিয়াতউল্লাহ মারা যান। নিহত যুবক পিরোজপুর জেলার হরিনা গাজীপুর গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, হানিফ পরিবহনের বাসটি নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। ইমাদ পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে প্রায় ৪০ মিনিট যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন