পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংক পিএলসি’র পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে নগদ অর্থ সংগ্রহের পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। ঘটনাটি জানাজানি হতেই ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহছানাতুল হক জিডিতে উল্লেখ করেন, শনিবার খালেদ সাইফুল্লাহ টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনীয়তার কথা জানান। তবে নগদ সংকটের কারণে সর্বোচ্চ ৭০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হননি। পরদিন সকালে আবার ফোন করে ৭৫ লাখ টাকার চাহিদা জানান।

রোববার বেলা ১১টা ১৫ মিনিটে তিনি দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর ১১টা ৩৫ মিনিটে ঈশ্বরদী করপোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা গ্রহণ করেন। আনসার সদস্য মাহবুব নগদ অর্থ হস্তান্তরের সময় তার সঙ্গে ছিলেন। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর শেষে ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ, আনসার সদস্য মাহবুব ও গাড়িচালক ইসমাইল হোসেন প্রাইভেট কারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন।

তবে শাখায় পৌঁছানোর কথা জানালেও পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিকাল সাড়ে ৩টার দিকে পাকশী শাখার সহকারী ম্যানেজার জানান, তিনি তখনও অফিসে পৌঁছাননি। এতে উদ্বিগ্ন হয়ে ব্যাংক কর্মকর্তারা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন এবং পরে থানায় জিডি করেন।

দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, “খালেদ সাইফুল্লাহ নিয়ম মেনে আমাদের শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেছেন।”

সঙ্গে থাকা আনসার সদস্য মাহবুব জানান, “ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে তিনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর তিনি গাড়ি নিয়ে চলে যান।”

নিখোঁজ ম্যানেজারের স্ত্রী দিলরুবা বেগম বলেন, “প্রতিদিনের মতো তিনি সকালে ব্যাংকে যান। বিকালে কর্মকর্তারা বাসায় এসে তার নিখোঁজ হওয়ার খবর দেন। এরপর থেকে তার ফোন বন্ধ। তিনি স্বেচ্ছায় গেছেন নাকি কেউ তাকে গুম করেছে—আমরা নিশ্চিত নই।”

জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা সরেজমিনে তদন্ত করছি।”

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, “ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”