বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৮ ডলার, যা ইতিহাসে প্রথমবারের মতো এই সীমা অতিক্রম করেছে। গত দেড় মাসে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০০ ডলার, যার প্রভাব পড়ছে দেশের বাজারেও।
বাংলাদেশে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বশেষ দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা (২২ ক্যারেট)। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা। এই দাম নির্ধারণ করা হয়েছিল ৫ অক্টোবর, যখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৮৮৬ ডলার।
বাজুসের (বাংলাদেশ জুয়েলার্স সমিতি) এক সদস্য জানান, বিশ্ববাজারে দাম যেভাবে বাড়ছে, তাতে দেশের বাজারেও যে কোনো সময় স্বর্ণের দাম পুনরায় বাড়ানো হতে পারে। ভালো মানের স্বর্ণের দাম ২ হাজার টাকার বেশি বাড়লে এক ভরি স্বর্ণের দাম প্রথমবারের মতো ২ লাখ টাকা ছুঁতে পারে।
তিনি বলেন, “বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে হলে দাম বাড়াতেই হবে। তবে কতটা বাড়বে তা নির্ধারণ করবে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।” সন্ধ্যায় এই কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রাজনৈতিক অস্থিরতা, ডলারের দুর্বলতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝুঁক। ফলে স্বর্ণের চাহিদা বেড়েছে এবং দামও ঊর্ধ্বমুখী।



মন্তব্য করুন