রিয়াদে সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি। ১৯৭৬ সাল থেকে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হলেও এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।

এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নতুন চুক্তির ফলে সৌদি আরবে বাংলাদেশের দক্ষ কর্মীদের নিয়োগের সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে, যা অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলবে।

চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও ড. আসিফ নজরুলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবে কর্মী নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার ওপর থাকা এবং দেশে ফেরার ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা পাওয়ার বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেন।

সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে আরও আলোচনা হয় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।