বরিশাল ডায়াবেটিক হাসপাতালে সোমবার (৬ অক্টোবর) দুপুরে এক বিরল ঘটনার জন্ম দিলেন লামিয়া আক্তার (২২)। বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের এই গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন—যাদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তানরা বর্তমানে সুস্থ আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, “একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। তবে আশার বিষয় হলো, পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে এবং মা-সন্তান সবাই সুস্থ আছেন।”

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা একে ‘অলৌকিক’ বলে আখ্যা দিচ্ছেন। অনেকেই নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

লামিয়ার নিজ গ্রাম চাঁদকাঠীতেও এই খবর পৌঁছালে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এলাকাবাসী পরিবারটির সুস্থতা ও ভবিষ্যৎ কল্যাণ কামনা করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে একাধিক নবজাতকের জন্ম সাধারণত জটিলতার ঝুঁকি বহন করে। তবে এ ক্ষেত্রে মা ও সন্তানরা সুস্থ থাকায় এটিকে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।