লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। মাদকাসক্ত ফারুক হোসেন নিজের পাঁচ বছরের কন্যা ফারিহা সুলতানাকে দায়ের কোপে হত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে মেয়েকে ধারালো দা দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত শিশুটিকে বাড়ির পুকুরে ফেলে দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে সাহস পাননি। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান জানান, “শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতরে দা হাতে অবস্থান করছিল। স্থানীয়রা ভয়ে ঘরে ঢুকতে পারেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে আটক করে।”
রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ফারুককে গ্রেপ্তার করে। তিনি আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঘাতককে আটক করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুটির মৃত্যুতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।



মন্তব্য করুন