আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনকে ঘিরে ‘গভীর ষড়যন্ত্র’ চলার আশঙ্কা প্রকাশ করে শিক্ষক সমাজকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, “আসন্ন নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেউ যেন নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”

সমাবেশে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং চাকরি জাতীয়করণের দাবিতে বক্তব্য উপস্থাপন করা হয়। এসব দাবিকে বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হলে একটি প্রজন্মও সঠিকভাবে গড়ে উঠতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়া। এমন একটি দেশ, যেখানে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং শিক্ষা ও ন্যায়বিচার সবার জন্য সমানভাবে নিশ্চিত থাকবে।”

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।”

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিসউদ্দিন চৌধুরী।